ছবি নিজস্ব প্রতিনিধ
বিশেষ প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১২ নং গুণবতী ইউনিয়নের সুরিকরা গ্রামের শারদীয় দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও ‘দূর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি’র সদস্যবৃন্দ। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ পরিদর্শনের আয়োজন করা হয়।
পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১২ নং গুণবতী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ স্থানীয় মণ্ডপ পরিচালনা কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা মণ্ডপের সার্বিক সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উদযাপনের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং উপহারসামগ্রী হস্তান্তর করেন।
পরিদর্শনকালে বক্তারা বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বহু বছর ধরে আমরা সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নানা উৎসব পালন করে আসছি। এখানে ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে তাদের পূজা পালন করতে পারেন, সে ব্যাপারে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করবে।"
এসময় ১২ নং গুণবতী ইউনিয়ন বিএনপি গঠিত পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব ইউসুফ হোসেন আরিফ জিয়া, জোবায়রুল ইসলাম পলাশ উপদেষ্টা আব্দুল জলিল ও আলী হোসেন পণ্ডিত সহ মণ্ডপ পর্যবেক্ষণ কমিটির অন্যান্য সম্মানিত সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দের এই আগমন ও সার্বিক সহায়তার প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।